মেট্রোরেল স্টেশন এলাকা ও ট্রেনের ভেতরে অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরি নিষিদ্ধ করেছে Dhaka Mass Transit Company Limited (ডিএমটিসিএল)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টেশন প্রাঙ্গণ, প্ল্যাটফর্ম, কনকোর্স হল, প্রবেশ ও বের হওয়ার পথসহ ট্রেনের অভ্যন্তরে পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ।
বিশেষ করে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও তৈরি, লাইভ স্ট্রিমিং, ব্যক্তিগত ভ্লগ কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে ফটোগ্রাফি ও শুটিং—সব ক্ষেত্রেই এই বিধিনিষেধ প্রযোজ্য হবে। অর্থাৎ বিনোদনমূলক কিংবা বাণিজ্যিক—উভয় ধরনের কনটেন্ট তৈরির আগে এখন থেকে কর্তৃপক্ষের অনুমতি বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়ম ভঙ্গ করলে প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্যিক শুটিং বা ফটোগ্রাফির ক্ষেত্রে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করে নির্ধারিত প্রক্রিয়ায় আগাম আবেদন করে অনুমোদন নিতে হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: ডিএমটিসিএল বিজ্ঞপ্তি।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











