ভোলার লালমোহন উপজেলায় ৬ পা বিশিষ্ট একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। বিরল এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামে সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে বাছুরটির জন্ম হয়।
জন্মের পর দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পা ছাড়াও ঘাড়ের কাছে আরও দুটি অতিরিক্ত পা রয়েছে। খবর ছড়িয়ে পড়লে বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করেন।
গরুর মালিক মো. শাহাবুদ্দিন মিয়া বলেন, “ভোর রাতে গাভীটি বাছুর প্রসব করে। পরে দেখি চারটি পা স্বাভাবিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও দুটি পা রয়েছে। প্রথমে কিছুটা আতঙ্কিত হয়েছিলাম। তবে চিকিৎসক জানিয়েছেন, এতে বাছুরের স্বাভাবিক বেড়ে উঠতে সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, বাছুরটি সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে।”
এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মোস্তফা বলেন, “এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে ৬ পা থাকলেও বাছুরটির শারীরিকভাবে সমস্যা হওয়ার আশঙ্কা কম। কিছুটা বড় হলে অতিরিক্ত দুটি পা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।”
স্থানীয়রা বলছেন, এমন বিরল ঘটনা এলাকায় আগে দেখা যায়নি। ফলে বাছুরটিকে ঘিরে কৌতূহল ও আলোচনার শেষ নেই।