Home সারাদেশ

দেওয়ানগঞ্জে মৃত গরু জবাইয়ের অভিযোগে চাঞ্চল্য

12
0
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর বাজারে মৃত গরু জবাই করে বিক্রির অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানাজানি হলে শত শত মানুষ বাজারে জড়ো হন।

স্থানীয় সূত্র জানায়, মো. তারা মিয়া (৪০), মোন্নাফ আলী (৫০), শাহাদৎ হোসেন (৩৫) ও মোগবুল হোসেন (৪০) নামের কয়েকজন কসাই মৃত গরু জবাই করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

টুপকারচর গ্রামের বাসিন্দা জিয়া জানান, রাতের সেহরির সময় তিনি রাস্তার পাশে কয়েকজন কসাইকে একটি চাদর ঢাকা গরুর পাশে দেখতে পান। কাছে যেতে চাইলে বাধা দেওয়া হয় এবং তার পকেটে জোর করে ৫০০ টাকা ঢুকিয়ে দেওয়া হয়। পরে আবার গেলে আরও ১,০০০ টাকা গুঁজে দেওয়া হয়। সন্দেহ হলে তিনি গ্রামবাসীদের খবর দেন। পরে গিয়ে দেখা যায় গরুর গলা কাটা।

তার দাবি, পূর্বের ঘটনাও তিনি গোপনে মোবাইলে ধারণ করেছেন। স্থানীয় এক ধর্মীয় ব্যক্তিত্বের ভাষ্যমতে, গরুটি মৃত অবস্থায় জবাই করা হয়েছে।

ঘটনার পর সাবেক মেম্বার ও মৌলভীরচর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল হকের সভাপতিত্বে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

চেয়ারম্যান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—অভিযুক্ত কসাইরা ইউনিয়নের কোথাও গরু জবাই করতে পারবেন না। মৃত গরুর মাংস, চামড়া ও ভুঁড়ি মাটির নিচে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়।

পরে চেয়ারম্যানের উপস্থিতিতে গ্রাম পুলিশ সদস্যদের সহযোগিতায় গরুর মাংস মাটিচাপা দেওয়া হয়। সালিস বৈঠকে অভিযুক্ত কসাইদের কেউ উপস্থিত ছিলেন না।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সূত্র: স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও ইউনিয়ন পরিষদ সূত্র।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here