রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় ধীরেন্দ্রনাথ মন্ডল (৪৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া ফুলতলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধীরেন্দ্রনাথ মহিষালবাড়ী রেলবাজার গুড়িপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ছেলে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরছিলেন তিনি। এ সময় হঠাৎ একটি ট্রলার তাদের ছোট নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুলে ওঠে এবং বাবা-ছেলে নদীতে পড়ে যান। তার ছেলে সাঁতরে কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও ধীরেন্দ্রনাথ নদীর স্রোতে তলিয়ে যান।
ঘটনার পরপরই আশপাশের জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় আধাঘণ্টা পর নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে বাংলাদেশ নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান।
গোদাগাড়ী নৌ পুলিশের ওসি তৌহিদুর রহমান জানান, ট্রলারের ধাক্কাতেই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র: স্থানীয় জেলে ও নৌ পুলিশ
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











