Home জাতীয়

ভয় পেছনে রেখে ভোট দিন, জাতির উদ্দেশে ইউনূস

4
0
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট সামনে রেখে ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যেতে হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, “আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না; এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে এবং জাতিকে নতুনভাবে গঠিত করবে।”

তিনি বলেন, আর মাত্র একদিন পর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট—যা জাতির বহু বছরের আকাঙ্ক্ষার প্রতিফলন।

মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তাঁদের আত্মত্যাগ ছাড়া আজকের এই নির্বাচন ও গণভোট সম্ভব হতো না। সমগ্র জাতি তাঁদের কাছে চিরঋণী।

অধ্যাপক ইউনূস বলেন, প্রত্যেক জাতির ইতিহাসে কিছু দিন আসে, যেদিন রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হয়। আসন্ন নির্বাচন ও গণভোট তেমনই একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে ব্যালটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ কাঠামো নির্ধারিত হবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন পূর্ববর্তী যেকোনো নির্বাচনের তুলনায় শান্তিপূর্ণ হয়েছে। রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত দায়িত্ববোধে একটি আশাব্যঞ্জক পরিবেশ সৃষ্টি হয়েছে।

তবে সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়।

প্রধান উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং স্বতন্ত্রসহ মোট প্রার্থী সংখ্যা দুই হাজারের বেশি—যা দেশের নির্বাচনী ইতিহাসে বিরল।

তিনি বলেন, এটি কোনো সাধারণ নির্বাচন নয়; এটি একটি গণ-অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের জাগরণ এবার ব্যালটের মাধ্যমে প্রকাশ পাবে। তাই এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক।

সূত্র

জাতির উদ্দেশে ভাষণ | প্রধান উপদেষ্টার কার্যালয়

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here