২০২৬ হজে খরচ কমছে, ফিরবে তিন কোটি টাকা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, ২০২৬ সালের হজে হজ প্যাকেজ-১ এর আওতায় মক্কা ও মদিনায় হোটেল ভাড়া সবমিলিয়ে প্রায় এক হাজার সৌদি রিয়াল কমানো হয়েছে। একই সঙ্গে হজযাত্রী প্রতি পরিবহন ভাড়া ১০০ সৌদি রিয়াল কমানো সম্ভব হয়েছে। এর ফলে ২০২৬ সালের হজ শেষে প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এর হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ধর্ম উপদেষ্টা বলেন, যৌক্তিক খরচে হজ পালনের যে জনআকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক দফা যোগাযোগ ও আলোচনার মাধ্যমে ২০২৫ সালের হজে বিমান ভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো হয়। চলতি বছরে তা আরও প্রায় ১৩ হাজার টাকা কমানো হয়েছে। গত দুই বছরে পর্যায়ক্রমে প্রায় ৪০ হাজার টাকা বিমানভাড়া কমানো একটি উল্লেখযোগ্য অর্জন বলে মন্তব্য করেন তিনি।

হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে ড. খালিদ হোসেন বলেন, হজ প্যাকেজ-৩ এর ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার কোম্পানির সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে হজযাত্রী প্রতি প্রায় ৬০০ সৌদি রিয়াল সার্ভিস চার্জ কমানো হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ ও আবাসন ভাড়ার সমন্বয়ের মাধ্যমে হাজীদের আবাসন হারাম শরীফের আরও কাছাকাছি আনা সম্ভব হয়েছে। এতে যাতায়াতের ভোগান্তি কমবে এবং হাজীরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ হারাম শরীফে আদায় করতে পারবেন।

গত দেড় বছরে মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করা হয়েছে। এর ফলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোতে ইতিবাচক পরিবর্তন এসেছে।

ইসলামিক ফাউন্ডেশনের বিষয়ে তিনি জানান, শূন্যপদে ১৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মামলাজনিত কারণে ১৯৭ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি, তবে মামলা নিষ্পত্তি সাপেক্ষে দ্রুত এই নিয়োগ শেষ করা হবে। এ ছাড়া বিভিন্ন গ্রেডে মোট ৬১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং আরও নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে উপদেষ্টা পেশাদারিত্ব ও সহযোগিতার জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

সূত্র

ধর্ম মন্ত্রণালয় | প্রেস ব্রিফিং

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top