অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে দলকে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার নির্দেশ দেয়।
এর মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া দীর্ঘদিনের জটিলতার অবসান হয়েছে। কয়েক দিনের অচলাবস্থার পর স্বস্তি ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যেও।
এই ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, পাকিস্তানের এই অবস্থান ছিল পুরোপুরি ‘সাজানো নাটক’।
রাজকুমার শর্মার ভাষ্য,
“এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক, যেটা তারা সবসময় করে। ভারতের বিপক্ষে না খেললে কী পরিমাণ ক্ষতি হতে পারে, সেটা তারা পরে বুঝতে পেরেছে। এই ধরনের আচরণ পাকিস্তানের জন্য নতুন কিছু নয়।”
সোমবার আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে লাহোরে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অবহিত করেন। এরপরই সরকার ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচে অংশ নেওয়ার অনুমতি দেয়।
এর আগে বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে তাদের বিশ্বকাপ ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করেছিল। তবে আইসিসি সেই প্রস্তাব নাকচ করে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল।
শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পাকিস্তান ম্যাচে মাঠে নামার ঘোষণা দেওয়ায় বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হওয়া সব জটিলতার অবসান ঘটেছে।
সূত্র
এএনআই | আন্তর্জাতিক গণমাধ্যম | ক্রিকেট বোর্ড সূত্র
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











