নীলফামারীর ডোমার উপজেলায় ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি কাওলা এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন— চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা মো. আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)।
স্থানীয় বাসিন্দা আলামিন ইসলাম জানান, ইফতারের সময় আলমের বড় মেয়ে কৃষি জমিতে ব্যবহারের জন্য আনা কীটনাশক খাবার স্যালাইন মনে করে পানিতে গুলে পরিবারের সদস্যদের ইফতারের সঙ্গে পান করতে দেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়েন।
প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, আলুক্ষেতে ব্যবহারের জন্য কীটনাশক আনা হয়েছিল। স্যালাইন ও কীটনাশক কাছাকাছি রাখার কারণে ভুলবশত সেগুলো পানিতে গুলে পান করা হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা অসুস্থ তিনজনকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনজন রোগী হাসপাতালে আসেন। তাদের ভাষ্য অনুযায়ী, স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান করেছিলেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা তাদের অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন।
সূত্র: স্থানীয় সূত্র ও ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর সমতা’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাই নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়।
তারেক রহমান বলেন, বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সমাজের সামগ্রিক উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ নারী হওয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ জাতীয় উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি উল্লেখ করেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শহীদ জিয়ার শাসনামলে ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে ‘নারী বিষয়ক দফতর’ প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৭৮ সালে গঠন করা হয় ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’।
পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ সালে এই মন্ত্রণালয়কে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এ রূপান্তর করা হয়।
নারীর আর্থসামাজিক উন্নয়নের বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন, যা নারীর ক্ষমতায়নে একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল।
বর্তমান সরকারও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে বলে তিনি উল্লেখ করেন। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ভবিষ্যতে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়ানো, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম এবং ডিজিটাল লার্নিং সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নারীর নিরাপত্তার বিষয়টিকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিশেষে তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করবে এবং মর্যাদা ও নিরাপত্তা নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রে কাজ করতে পারবে।
ইরানের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ঘোষণার পর নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের কথা জানালেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ওপর আজ রাতেই এযাবৎকালের সবচেয়ে বড় বোমাবর্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে।
বেসেন্টের দাবি অনুযায়ী, এই হামলার প্রধান লক্ষ্য হবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো। তার ভাষায়, এই অভিযানের মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের ক্ষতি করা হবে।
তিনি বলেন, “আমরা তাদের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।”
এ সময় তিনি ইরানের বিরুদ্ধে বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করার অভিযোগও তোলেন। বিশেষ করে হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাবের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এর ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ইঙ্গিতও দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। তিনি জানান, বর্তমানে সাগরে আটকে থাকা বিপুল পরিমাণ রাশিয়ান তেল বাজারে আনার সুযোগ তৈরি করা হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়তে পারে।
বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতকে ৩০ দিনের জন্য সাগরে আটকে থাকা রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই বড় হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে যাওয়ার পথে তিন নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) সকালে ডিএমপির কলাবাগান থানাধীন স্কয়ার হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্কয়ার হাসপাতালের সামনে কলাবাগান থানা পুলিশের কিলো-২৬ নিয়মিত ডিউটি চলাকালে দায়িত্বরত সদস্যরা দেখতে পান তিনজন নারী ও একজন পুরুষ ফুলের তোড়া হাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার চেষ্টা করছেন।
এ সময় পুলিশ সদস্যরা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন বলে জানান।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা তাদের আটক করেন। পরে নারী পুলিশের উপস্থিতিতে যথাযথ শালীনতা বজায় রেখে তাদের কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ফুলসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারদের রিমান্ডের আবেদন করা হবে। তবে তাদের পেশা বা আওয়ামী লীগের কোনো পদ-পদবি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র পাঁচ মাস আগে ইরাকে পাড়ি জমিয়েছিলেন ফেনী সদর উপজেলার তরুণ মেহেদি হাসান নাহিদ (২১)। কিন্তু স্বপ্ন পূরণের আগেই অকালেই নিভে গেল তার জীবন। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় নাহিদসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) ইফতারের পর নাহিদ ও তার সঙ্গে থাকা আরও তিন বাংলাদেশি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানান, ওই রাতেই নাহিদ, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মোহাম্মদ তারেক (৪৫) এবং তার ছেলে মো. সাব্বির (২২) হাসপাতাল থেকে বাসায় ফিরে যান। পরে তারা সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে বাসায় গিয়ে দেখা যায় তারা তিনজনই মারা গেছেন।
নিহত নাহিদ ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেবীপুর বিসিক শিল্পনগরী এলাকার মৃধা বাড়ির মোহাম্মদ মাহবুবুল হকের ছেলে। মাহবুবুল হকের দুই সন্তানের মধ্যে নাহিদ ছিলেন ছোট।
পরিবার সূত্রে জানা গেছে, মাহবুবুল হক প্রায় আট বছর ধরে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কর্মরত আছেন। গত বছরের অক্টোবর মাসে বাবার হাত ধরেই কাজের সন্ধানে সেখানে যান নাহিদ।
বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
নিহতের চাচা মনিরুজ্জামান জানান, পরিবারের ভাগ্য ফেরাতে প্রায় ১০ লাখ টাকা ঋণ করে বাবার মাধ্যমে নাহিদকে প্রবাসে পাঠানো হয়েছিল। বর্তমানে তার পরিবার চরম আর্থিক সংকটে রয়েছে। তিনি সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন।
এদিকে নাহিদের মা হোসনে আরা শেষবারের মতো ছেলের মুখ দেখতে চান বলে জানিয়েছেন। তিনি সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সহায়তা কামনা করেছেন।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা বলেন, ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়নি। বিষয়টি জানানো হলে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা খামখেয়ালি আচরণ না করে স্পিকারকে অভিভাবক হিসেবে মেনে সংসদীয় কার্যক্রম পরিচালনায় এগিয়ে যাবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে প্রকৃত অর্থে একটি কার্যকর সংসদ ব্যবস্থা গড়ে তুলতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বিশেষ করে যারা প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন, তাদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া এবং মানসিকভাবে প্রস্তুত করাই এই কর্মশালার মূল লক্ষ্য।
তিনি বলেন, নতুন সংসদ সদস্যরা যেন সংসদে দায়িত্ব পালনের সময় কোনো ধরনের মানসিক চাপ অনুভব না করেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই তাদের জন্য প্রশিক্ষণমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সংসদীয় কার্যপ্রণালীর বিষয়ে তিনি আরও জানান, সংসদীয় রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং সে অনুযায়ী প্রস্তুতিও ইতোমধ্যে নেওয়া হয়েছে।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে এবং একটি ইতিবাচক সংসদীয় সংস্কৃতি গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন। মাঝে মাঝে রিয়েলিটি শো কিংবা বিশেষ অনুষ্ঠানে তাকে দেখা গেলেও নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। তবে অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মন্তব্যের কারণে প্রায়ই আলোচনায় উঠে আসেন তিনি।
সম্প্রতি তার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যদিও পরে তাদের আইনজীবী জানান, কয়েক মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করা হলেও বর্তমানে দুজনকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে।
নব্বইয়ের দশকে একের পর এক ব্যবসাসফল সিনেমার মাধ্যমে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছিলেন গোবিন্দ। ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘পার্টনার’, ‘ভাগম ভাগ’ এবং ‘বড়ে মিঞা ছোটে মিঞা’সহ তার অভিনীত বহু সিনেমা আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।
তবে ২০০০ সালের পর ধীরে ধীরে বড়পর্দায় তার উপস্থিতি কমতে থাকে। শেষবার তাকে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘রঙ্গিলা রাজা’ সিনেমায় দেখা গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরমহল নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন এ অভিনেতা। তিনি প্রশ্ন তোলেন— বলিউডে আদৌ কি এমন কোনো তারকা আছেন যার নাম একেবারেই বিতর্কমুক্ত?
গোবিন্দ বলেন, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রায় প্রত্যেককেই কোনো না কোনো সময় সমালোচনা কিংবা বদনামের মুখে পড়তে হয়। তার ভাষায়, “এই লাইনে কার নামটাই বা পুরোপুরি পরিষ্কার?”
তিনি আরও বলেন, কেউ যদি একেবারে বিতর্কহীন থাকেন, তাহলে উল্টো সন্দেহই হয়। অনেক সময় মানুষ কাউকে খুব বেশি ভালোবাসে বলেই তাকে নিয়ে ভয় বা দূরত্ব তৈরি হয়।
গোবিন্দের মতে, বলিউডের ইতিহাসে এমন অনেক বড় তারকা রয়েছেন যাদের ক্যারিয়ারের কোনো না কোনো সময়ে বিতর্ক বা সমালোচনার মুখে পড়তে হয়েছে।
উদাহরণ হিসেবে তিনি অমিতাভ বচ্চনের নাম উল্লেখ করে বলেন, একসময় ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়েও তাকে দীর্ঘ সময় কাজের বাইরে থাকতে হয়েছিল।
একইভাবে তিনি স্মরণ করেন একসময়ের সুপারস্টার রাজেশ খান্নাকেও। গোবিন্দ বলেন, ক্যারিয়ারের মাঝামাঝি সময়েই তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে এবং অনেকে বলতে শুরু করেছিলেন তিনি আর আগের মতো নেই।
বর্তমান প্রজন্মের অভিনেতাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে মনে করেন গোবিন্দ। তিনি আমির খানের উদাহরণ দিয়ে বলেন, একসময় তার বিরুদ্ধেও নানা অভিযোগ ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাকেই সবাই ‘পারফেকশনিস্ট’ বলে সম্মান জানাতে শুরু করেছে।
গোবিন্দের মতে, বলিউডে বিতর্ক অনেক সময়ই ক্যারিয়ারের স্বাভাবিক অংশ। তবে আসল বিষয় হলো, সেই পরিস্থিতি থেকে একজন শিল্পী কীভাবে ফিরে আসেন এবং নিজের অবস্থান ধরে রাখেন।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় ঢাকা থেকে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের বহু ফ্লাইট বাতিল করতে হয়েছে।
শনিবার (৭ মার্চ) পর্যন্ত গত সাত দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে শনিবার একদিনেই বাতিল হয়েছে ২০টি ফ্লাইট।
বেবিচক সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের আকাশপথে নিরাপত্তা ঝুঁকি কমে না আসা পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে করে যাত্রীদের ভোগান্তিও বাড়ছে বলে জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে পর্ব শেষ হওয়ার পরও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। আজ রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে একটি বিশেষ ৫০ ওভারের ম্যাচ।
এই ম্যাচে একদিকে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এবং অন্যদিকে খেলবেন বিসিএলে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে গঠিত বিসিএল অল স্টারস দল।
বিসিএল অল স্টারস দলের হয়ে খেলবেন আকবর আলী, রিপন মণ্ডল, আবদুল গাফফার, রবিউল হক, মাহফিজুল রবিন, মোহাম্মদ নাঈম, মাহিদুল ইসলাম, সৌম্য সরকার, নাঈম হাসান, খালেদ আহমেদ, পারভেজ হোসেন, মোসাদ্দেক হোসেন ও জিসান আলমসহ আরও কয়েকজন ক্রিকেটার।
ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
এই ম্যাচকে সামনে রেখে ক্রিকেটারদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিসিএলে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের জন্য এটি জাতীয় দলের ক্রিকেটারদের বিপক্ষে নিজেদের দক্ষতা প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে এই ম্যাচ শেষ হওয়ার পরই জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করবেন আসন্ন বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজকে সামনে রেখে। আগামী ১১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে এবং তিনটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই প্রস্তুতিমূলক ম্যাচ জাতীয় দলের ক্রিকেটারদের ফর্ম যাচাই এবং বিসিএলের পারফর্মারদের মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই এলাকায় কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার মাত্র ১০ দিন পর আবারও এ ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চার সন্তানের ওই জননী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে কেনাকাটা করতে মাধবদী বাজারে যান। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি ফেরার পথে চৌরাস্তার মোড়ে পৌঁছালে হৃদয় নামের এক ব্যক্তি তার পথরোধ করে।
অভিযোগ রয়েছে, হৃদয় ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আরও তিনজন অবস্থান করছিল। পরে তাকে জোরপূর্বক বিবস্ত্র করে পালাক্রমে ধর্ষণ করা হয়।
ঘটনার পর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী নারী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরদিন শুক্রবার (৬ মার্চ) সকালে তিনি মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হৃদয় নামের একজনকে গ্রেফতার করেছে।
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।