আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। এ উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবনে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। দেড় বছর পর আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে সংসদ এলাকা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনের ভেতরে নির্ধারিত শপথ কক্ষে নতুন সংসদ সদস্য (এমপি) ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান কয়েকটি ধাপে সম্পন্ন হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র এমপিরা আলাদাভাবে শপথ নেবেন এবং পরে শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এই পর্বে কোনো অতিথি উপস্থিত থাকবেন না।
অপরদিকে বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে নির্মিত প্যান্ডেলে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। প্রায় সাড়ে তিন হাজার অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। সাধারণত মন্ত্রিসভার শপথ বঙ্গভবনে হলেও এবার তা সংসদ ভবনেই অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ অতিথি উপস্থিত থাকতে পারেন।
বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও উপস্থিত থাকবেন।
শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার, যা দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনা করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সূত্র: সংশ্লিষ্ট সংসদ সচিবালয় ও সরকারি সূত্র।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











