২৩ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে শুরু নতুন সরকার

রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ (১৭ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। নতুন সরকারের যাত্রা শুরু হলেও দায়িত্ব গ্রহণের সময় তাদের কাঁধে থাকছে ২৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের ভার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি-বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা। তবে চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত মোট ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকা।

চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে সরকার ব্যাংকিং উৎস থেকে ৬১ হাজার ১৪৮ কোটি টাকা ঋণ নিয়েছে। একই সময়ে এসেছে ১০৭ কোটি ৪০ লাখ ডলারের নিট বৈদেশিক ঋণ। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ১০৩ কোটি টাকা।

সব মিলিয়ে অর্থবছরের প্রথম ছয় মাসে দেশি-বিদেশি উৎস থেকে ৭৪ হাজার ২৫১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। ২০২৫ সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ৩২ শতাংশের বেশি ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অর্থনীতিবিদদের মতে, উচ্চ ঋণ, ব্যাংকিং খাতের চাপ ও রাজস্ব ঘাটতি—এই তিনটি বড় চ্যালেঞ্জ নিয়ে পথচলা শুরু করতে হবে নতুন সরকারকে। ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে সবচেয়ে বড় অগ্রাধিকার।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের ইতি টেনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে।

সূত্র: বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট অর্থনৈতিক সূত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top