ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোনো কেন্দ্রে মব তৈরির চেষ্টা হলে শুধু সেই কেন্দ্র নয়, পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। “ইলেকশনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে,” বলেন তিনি।
আইজিপি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রভিত্তিক, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। এবারের নির্বাচনে নিরাপত্তা রক্ষায় ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও মাঠে রয়েছেন।
তিনি আরও বলেন, গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এবারের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে, যাতে নিরপেক্ষতা নিশ্চিত করা যায়। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা রয়েছে।
আইজিপি বাহারুল আলম বলেন, আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। এ জন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে এবং প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডিওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনায় ৫ জন নিহত এবং ৬০৩ জন আহত হয়েছেন।
সূত্র
সংবাদ সম্মেলন | পুলিশ সদর দপ্তর
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











