আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে লালমনিরহাটে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট শহরের রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে এই মহড়ার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন।
মহড়ায় উপস্থিত ছিলেন ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচন চলাকালে দুর্গম চরাঞ্চলসহ যেকোনো সংকটপূর্ণ এলাকায় উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবেলায় এই মহড়া পরিচালনা করা হয়। মহড়ার মাধ্যমে হেলিকপ্টারের সাহায্যে রেপ্লিং করে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করা হয়।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর এ ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।