সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়ে এখনও সময় হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শপথগ্রহণ শেষে সংসদ ভবন থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমেই এ অর্জন সম্ভব হয়েছে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে, যা তার জন্য গর্বের বিষয়।
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াতও শপথ নেবে না—এমন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ধারা মেনে চলাই উচিত এবং এ বিষয়ে যা সিদ্ধান্ত হবে, তা সংসদেই হবে।
দুই-তৃতীয়াংশের বেশি আসন পাওয়ার পর সংসদ কীভাবে কার্যকর করা হবে—এমন প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দায়িত্ব পালন করা হবে।
এর আগে কক্সবাজার-১ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে তখনই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











