ভোটের বিধিনিষেধে ঢাকায় পণ্যের দাম চড়া

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে–পরে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। এর প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ায় ভোটের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)ও বেশ কয়েকটি পণ্যের দাম চড়া রয়েছে।

ঢাকার হাজিপাড়া বউবাজার, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি সবজি আগের তুলনায় কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

বর্তমানে শসা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা এবং টমেটো ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের চেয়ে প্রায় ২০ টাকা বেশি। কাঁচামরিচের দাম বেড়ে হয়েছে ১৬০ থেকে ২০০ টাকা, যা ভোটের আগের তুলনায় প্রায় ৪০ টাকা বেশি।

পেঁয়াজের দামও কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ৬০ টাকায় দাঁড়িয়েছে। ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম ৩২০ থেকে ৩৪০ টাকার মধ্যে রয়েছে।

তবে তেল ও চিনিসহ মুদিপণ্যের দামে তেমন পরিবর্তন দেখা যায়নি। ডিমের দাম প্রতি ডজন ১১০ থেকে ১১৫ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।

খুচরা ও পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, সীমিত পরিবহন চলাচলের কারণে পরিবহন ব্যয় দেড় থেকে দ্বিগুণ বেড়েছে। এই বাড়তি খরচ সরাসরি পণ্যের দামে প্রভাব ফেলেছে।

এদিকে বাজারে ক্রেতার উপস্থিতিও তুলনামূলক কম। পরিবহন ব্যয় বেশি হওয়ায় অনেক ভ্রাম্যমাণ বিক্রেতা সবজি আনেননি। কিছু দোকান বন্ধও দেখা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top