জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
ইসি কমিশনার বলেন, নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহের স্বার্থে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন বহনের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার কারণ নেই বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ স্পষ্ট করেন, নির্দেশনাটি সাধারণ ভোটারদের জন্য প্রযোজ্য হলেও সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।
সূত্র
নির্বাচন কমিশন (ইসি)
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











