ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬ লাখ ৭৭ হাজারের বেশি প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের কাছে এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের আওতাধীন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে ইন-কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
সালীম আহমাদ খান জানান, আগামী ১০ জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, যেসব প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব। গোপনীয়তা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার বিধান রয়েছে।
তিনি জানান, আগামী ২১ জানুয়ারি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তার আগেই অধিকাংশ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, গতকাল সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরে সর্বোচ্চ ১৭ হাজার ৭৫৯ জন এবং সৌদি আরবে ১২ হাজার প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
উল্লেখ্য, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো বড় পরিসরে পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top