ইলিশের উৎপাদন বাড়াতে পদ্মা-মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে আজ থেকে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।

এই সময়ে পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অংশকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। বছরের এই সময়ে সাগর থেকে ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য নদীর মিঠাপানিতে বিচরণ করে, আর তাই এই প্রজননকাল সুরক্ষার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে।

সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা টাস্কফোর্স ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা প্রশাসকের নেতৃত্বে উপকূলীয় এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় দিন-রাত অভিযান পরিচালনা করবে টাস্কফোর্স।

এই ২২ দিন মাছ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। জানা গেছে, সংশ্লিষ্ট জেলায় ইলিশসহ অন্যান্য মাছ আহরণে জড়িত নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪৩ হাজার। মাছ ধরা বন্ধ থাকার সময়ে এসব নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ৪০ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

আগামী এক সপ্তাহের মধ্যেই জেলেদের কাছে এই খাদ্য সহায়তা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।

সূত্র :যায়যায় দিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top