ময়মনসিংহের ভালুকায় রোববার বিকেলে দাফন করা হয় অভিনেতা জাহের আলভী–এর স্ত্রী ইকরাকে। স্ত্রীর শেষ বিদায়ে উপস্থিত না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা।
সোমবার সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রায় আধ ঘণ্টার একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিয়ে মুখ খোলেন আলভী। সেখানে তিনি দাবি করেন, দেশে ফিরলে তার ওপর হামলার আশঙ্কা রয়েছে এবং ফোনে একাধিক হুমকি পেয়েছেন।
আলভী বলেন, “আমি দেশে আসা মাত্রই মব তৈরি হবে—এমন তথ্যও পেয়েছি। আমার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। তবে আমি আইনিভাবে বিষয়টি মোকাবিলা করব।”
তিনি আরও বলেন, তার সন্তান রিজিকের ভবিষ্যতের কথা ভেবেই তিনি সতর্ক সিদ্ধান্ত নিচ্ছেন। “রিজিক কি তার বাবাকেও হারাক—এটা কি আপনারা চান?”—ভিডিওতে এমন প্রশ্নও তোলেন তিনি।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় আত্মহত্যা করেন ইকরা। সে সময় আলভী নেপালে নাটকের শুটিংয়ে ছিলেন বলে জানান। ঘটনার পর সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন তিনি এবং দেশে ফেরার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন।
অন্যদিকে, ইকরার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে—দাম্পত্য কলহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলভী ও তার মায়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি নিয়ে শোবিজ অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
সূত্র: সংশ্লিষ্টদের ফেসবুক পোস্ট ও পারিবারিক বক্তব্য।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











