ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে বয়সের দিক থেকে সবচেয়ে কম ও বেশি বয়সী দুই প্রার্থীকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। হলফনামা অনুযায়ী, তার জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। বর্তমানে তার বয়স ২৬ বছর ১ মাস। নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন হান্নান মাসউদ। জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি এনসিপিতে যোগ দেন। ১১–দলীয় জোট-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সংসদে প্রবেশ করতে যাচ্ছেন তিনি।
অন্যদিকে, সবচেয়ে বেশি বয়সে জয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। হলফনামা অনুযায়ী, তার জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। বর্তমানে তার বয়স ৭৯ বছর ৪ মাস। কুমিল্লা–১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট।
উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খন্দকার মোশাররফ। সে সময় তিনি ৯৬ হাজার ৩৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আবারও সংসদে ফিরছেন তিনি।
একই সংসদে একদিকে তরুণ নেতৃত্বের উত্থান, অন্যদিকে অভিজ্ঞ রাজনীতিকের প্রত্যাবর্তন—এই বৈচিত্র্য ত্রয়োদশ জাতীয় সংসদকে দিয়েছে বিশেষ মাত্রা।
সূত্র:
নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











