চট্টগ্রাম বন্দরে কার্যক্রম পরিদর্শন শেষে বের হওয়ার সময় নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেনের গাড়িবহর আটকে দেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার কিছু আগে এ ঘটনা ঘটে।
গাড়িবহর আটকে দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নৌ উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের পুনরায় বন্দর ভবনে নিয়ে আসা হয়।
জানা গেছে, নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পৌনে ১১টার দিকে তাকে বহনকারী গাড়িবহর বন্দর ভবনের অদূরে কাস্টমস মোড়ে পৌঁছালে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা স্লোগান দিতে দিতে গাড়িগুলো ঘিরে ফেলেন।
উপদেষ্টার গাড়ির সামনে ও পেছনে পুলিশের নিরাপত্তা গাড়ি ছিল। পেছনের একটি গাড়িতে ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, যিনি বিমানবন্দর থেকে উপদেষ্টাকে নিয়ে বন্দর ভবনে আসছিলেন।
নৌ উপদেষ্টার বন্দর পরিদর্শনের খবর পেয়ে সকাল থেকেই শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত আন্দোলনকারী ৪ নম্বর জেটিগেট থেকে কাস্টমস মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নেন। এ সময় পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং বন্দরের নিজস্ব নিরাপত্তারক্ষীরা অতিরিক্ত সতর্ক অবস্থানে ছিলেন।
প্রায় ১৫ মিনিট গাড়িবহর আটকে থাকার পর পুলিশ নিরাপত্তা বেষ্টনী তৈরি করে গাড়িগুলোকে বন্দর ভবনের ভেতরে প্রবেশ করায়। মূল ফটক দিয়ে গাড়ি ঢোকার পর নিরাপত্তারক্ষীরা ফটক বন্ধ করার চেষ্টা করলে শতাধিক শ্রমিক-কর্মচারী স্লোগান দিতে দিতে বন্দর ভবনের ভেতরে প্রবেশ করেন।
পরবর্তীতে বন্দরের চলমান সমস্যা সমাধানের লক্ষ্যে নৌ উপদেষ্টা বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বলে জানা গেছে।
সূত্র : বাংলাভিশন, বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











