আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে কার্যকরের লক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত সুনামগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিছু যানবাহনের চলাচল সীমিত থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস ও পিকআপ ভ্যান। তবে জরুরি সেবা প্রদানকারী যানবাহন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা সেবা, ত্রাণ কার্যক্রম এবং প্রশাসনিক কাজে নিয়োজিত যানবাহন এই বিধিনিষেধের বাইরে থাকবে।
এছাড়া, নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, ভোটগ্রহণ সামগ্রী পরিবহনকারী যানবাহন এবং নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত যানবাহনের চলাচলেও ছাড় দেওয়া হবে।
জেলা প্রশাসন জানায়, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটগ্রহণ প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











