অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ন্ত্রণে চালু হওয়া ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম আজ পরিচালিত হচ্ছে। এ টেস্ট রান আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিরেজিস্ট্রেশন ছাড়া সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময় শেষে সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হবে।
এ তথ্য নিশ্চিত করেছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশ (অ্যামটব)। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, এটি কেবল পরীক্ষামূলক কার্যক্রমের অংশ। স্থায়ী কোনো সমস্যা নয়।
অবৈধ ও অননুমোদিত হ্যান্ডসেট ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এনইআইআর চালু করা হয়। এই ব্যবস্থায় দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডাটাবেজে নিবন্ধিত হচ্ছে।
অ্যামটব সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময় পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে।
সূত্র: অ্যামটব বিজ্ঞপ্তি ও বিটিআরসি।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











