সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত অনেক শিক্ষক ও কর্মচারী বিভিন্ন প্রশাসনিক কাজে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৭ মার্চ) শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের মিডিয়া সেল থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেলের পোস্টে বলা হয়, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের কারণে অনেক শিক্ষক-কর্মচারীকে বাধ্য হয়ে ঘুষ দিতে হচ্ছে। এর ফলে শিক্ষা প্রশাসনে নানা ধরনের জটিলতা ও অনিয়ম তৈরি হয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, শিক্ষকদের ওপর অপ্রয়োজনীয় প্রশাসনিক চাপ আর রাখা হবে না। বিভিন্ন সমস্যা ও প্রশাসনিক বিষয় দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষক-কর্মচারীদের হয়রানি বন্ধ এবং সেবা প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
সূত্র: শিক্ষামন্ত্রীর মিডিয়া সেল, গণমাধ্যম প্রতিবেদন।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











