Home সারাদেশ

দুই যুগ পর কুমিল্লায় তারেক রহমান, তিন সমাবেশ আজ

16
0

কুমিল্লায় নির্বাচনি সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি জেলার তিনটি পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম ও ফেনীর সমাবেশ শেষ করে বিকাল ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর সন্ধ্যা ৭টায় কুমিল্লার সোয়াগাজীর ডিগবাজী মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ইদগাহ মাঠে তৃতীয় সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।

দীর্ঘ প্রায় দুই যুগ পর কুমিল্লায় তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশস্থলগুলোতে গত দুই দিন ধরে মঞ্চ নির্মাণের কাজ চলছে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।

সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলা বিএনপির সিনিয়র নেতারাও সমাবেশস্থল পরিদর্শন করেছেন।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘তারেক রহমানের আগমন উপলক্ষে আমাদের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তিনি সর্বশেষ ২০০২ সালে কুমিল্লা স্টেডিয়ামে বক্তব্য রেখেছিলেন।’

এদিকে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, জেলার তিনটি সমাবেশে মোট অন্তত ১০ লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। সে অনুযায়ী দলীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

দলীয় নেতাদের আশা, তারেক রহমানের এই সফর কুমিল্লাসহ বৃহত্তর অঞ্চলে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনবে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here