ট্যাগ:
আফগানিস্তান
তালেবান
নারী অধিকার
বিস্তারিত প্রতিবেদন
আফগানিস্তানে তালেবান সরকার নারীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়ে নতুন দণ্ডবিধি জারি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনে স্বামীদের স্ত্রী ও সন্তানদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে, যা কার্যত পারিবারিক সহিংসতাকে বৈধতা দিচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা ৯০ পৃষ্ঠার নতুন দণ্ডবিধিতে স্বাক্ষর করেছেন। পশতু ভাষায় ‘দ্য মাহাকুমু জাজাই উসুলনামা’ নামে পরিচিত এই বিধিমালা ইতোমধ্যে দেশটির আদালতগুলোতে বিতরণ করা হয়েছে।
নতুন আইনে বলা হয়েছে, স্বামী ‘অতিরিক্ত মাত্রার শক্তি’ প্রয়োগ করে যদি স্ত্রীর দৃশ্যমান জখম বা হাড় ভাঙার কারণ হন, তাহলে সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। তবে নির্যাতনের অভিযোগ আদালতে প্রমাণের দায়ভার স্ত্রীর ওপরই বর্তাবে।
এছাড়া নির্যাতিত নারীকে পুরোপুরি হিজাব পরা অবস্থায় বিচারকের সামনে জখম প্রদর্শন করতে হবে এবং তার সঙ্গে স্বামী বা প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
আইনে আরও বলা হয়েছে, স্বামীর অনুমতি ছাড়া বিবাহিত নারী আত্মীয়ের বাড়িতে গেলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড হতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন দণ্ডবিধিতে সমাজকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—উলামা, আশরাফ, মধ্য শ্রেণি ও নিম্ন শ্রেণি। একই অপরাধের ক্ষেত্রে শাস্তি নির্ধারণে সামাজিক অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ রয়েছে, যা মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র:
দ্য ইন্ডিপেন্ডেন্ট
আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদন
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











