শ্রীলঙ্কায় নতুন সিনেমা ‘রাক্ষস’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। শুটিংয়ের ফাঁকে ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নিজের অবস্থান ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলেছেন সিয়াম।
শাকিব খানের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সিয়াম আহমেদ স্পষ্টভাবে জানান, তিনি কাউকেই নিজের প্রতিযোগী মনে করেন না। সিয়াম বলেন,
“শাকিব ভাই ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগিয়ে চলছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়, আমি সেই চেষ্টাও করি না। আমি শুধু নিজের কাজটা ঠিকঠাক করে যেতে চাই।”
ঈদে শাকিব খানের সিনেমার সঙ্গে নিজের সিনেমা মুক্তি পাওয়ার প্রসঙ্গেও নিজের অনুভূতির কথা জানান এই অভিনেতা। তিনি বলেন, ঈদ বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব এবং এই সময়েই ইন্ডাস্ট্রির সেরা কাজগুলো মুক্তি পায়।
“শাকিব ভাইয়ের ছবির সঙ্গে আমার সিনেমাও হলে জায়গা পায়—এটা আমার জন্য আনন্দের। আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই।”
সিয়াম আরও বলেন, দর্শক নতুন কাজ কতটা গ্রহণ করল এবং নিজেকে আগের চেয়ে কতটা এগিয়ে নিতে পারলেন—এই বিষয়গুলোই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সিনেমাটিতে তাকে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের তরুণীর চরিত্রে দেখা যাবে। ছবিটি মূলত অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত, যেখানে ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভের উপস্থিতি থাকবে—যা দেশের মূলধারার সিনেমায় তুলনামূলকভাবে কম দেখা যায়।
রিয়েল এনার্জি কমিউনিকেশন প্রযোজিত ‘রাক্ষস’ আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুটিংয়ের পাশাপাশি বর্তমানে সিনেমাটির সম্পাদনার কাজও চলমান রয়েছে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











