Home রাজনীতি

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে সিঁথির প্রচারণা

6
0
ঢাকা-১৭ আসনে বিএনপির পক্ষে উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন সৈয়দা শর্মিলা রহমান সিঁথি
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন শর্মিলা রহমান সিঁথি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সরাসরি প্রচারণায় নেমেছেন তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

রোববার বিকেলে রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি কলোনিতে একটি উঠান বৈঠকে অংশ নেন তিনি। সেখানে উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বক্তব্যে সিঁথি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

পরে তিনি বাড্ডা নতুন বাজার সংলগ্ন একটি গির্জায় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। ওই বৈঠকেও তিনি বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট চান। এসময় স্থানীয় ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তার কাছে তুলে ধরেন।

টিএন্ডটি কলোনির উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শর্মিলা রহমান সিঁথি বলেন,
“ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।”

সন্ধ্যায় তিনি রাজধানীর কালাচাঁদপুর এলাকায় আরেকটি উঠান বৈঠকে অংশ নেন। সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নান, যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট এবং গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ করেন সিঁথি। এসময় তিনি লিফলেট বিতরণের মাধ্যমে তারেক রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here