বগুড়ার শেরপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন যাত্রী।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক-এর শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) ও মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)।
আহতদের মধ্যে রয়েছেন শিশু ফাতেমা, শহিদুল, তৌছিব, তাসমিয়া, হেলেনা, তারিকুল, ফাতেমা (২), আরহাম ও হামিম। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে যাত্রীদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল। চালক ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও হতাহতের ঘটনা এড়ানো যায়নি।
শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সুত্র: ফায়ার সার্ভিস ও পুলিশ
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন












