নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড সাব-স্টেশন থেকে প্রায় দুই কোটি টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে পাহারাদারদের বেঁধে রেখে এ লুটপাট চালায়।
বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাছুটিয়া খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুমন কুমার ও বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়।
গ্রিডের উপ-সহকারী প্রকৌশলী আনাস আলী জানান, বিদ্যুৎ বিভাগের আওতাধীন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির উদ্যোগে সাব-স্টেশনটির নির্মাণ কাজ চলছিল। এখানে সিভিল ও ইলেকট্রিক কাজ একসঙ্গে এগোচ্ছিল এবং সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা ছিল।
চায়না ন্যাশনাল ওয়ার অ্যান্ড ক্যাবল ইমপোর্ট-এক্সপোর্ট কর্পোরেশনের স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী সোলায়মান আলী বলেন, লুটকারীরা প্রায় এক কোটি ১৩ লাখ টাকার ৩৬৮টি ব্যাটারি, ৫৩ লাখ টাকার দুই হাজার মিটার তামার তার এবং প্রায় ২৬ লাখ টাকার অন্যান্য সরঞ্জাম নিয়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৯২ লাখ ৬০ হাজার ২৮৯ টাকা।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা সাব-স্টেশনে থাকা সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে এবং পাহারাদারদের মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছে।
পাহারাদারদের বর্ণনা অনুযায়ী, বুধবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি গেটে এসে ভেতরে প্রবেশের পর হঠাৎ আরও ১৫ থেকে ২০ জনের একটি দল ভেতরে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে চার পাহারাদারকে জিম্মি করে হাত-পা, চোখ ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর রাতভর সাব-স্টেশনের ভেতরে মালামাল গাড়িতে তুলে নিয়ে যায়।
রাত গভীর হলে দুর্বৃত্তরা চলে গেলে এক পাহারাদার কৌশলে নিজেকে মুক্ত করে অন্যদের বাঁধন খুলে দেন। পরে ভোরের দিকে বাইরে এসে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুর রশীদ বলেন, সাব-স্টেশনটি চালু হলে বড়াইগ্রাম, গুরুদাসপুর, নাটোর সদর, লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হতো। আগামী জুনে উদ্বোধনের পরিকল্পনা থাকলেও এ ঘটনায় কাজের সময়সূচি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার টিম কাজ শুরু করেছে।
সূত্র: স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম প্রতিবেদন
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন













