রিপোর্ট: মুবিন উদ্দিন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মসজিদের তালা ভেঙে মাইক, আইপিএস, সৌর বিদ্যুতের বোর্ড, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জামসহ প্রায় এক লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চিলাউড়া ইউনিয়নের ইসমাইল চক মাঝপাড়া জামে মসজিদে, শনিবার গভীর রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের আযান দিতে গিয়ে মসজিদের ইমাম প্রথমে গেটের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে মসজিদের দরজার তালাও ভাঙা অবস্থায় দেখতে পান। মসজিদের ভেতরে গিয়ে দেখা যায়, মাইকের মেশিন, আইপিএস, সৌর বিদ্যুতের বোর্ড, ব্যাটারি ও মাইকের মাউথসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে গেছে।
এ বিষয়ে মসজিদের মোতাওয়াল্লী জানান, এর আগেও একই মসজিদে আরও দুইবার চুরির ঘটনা ঘটেছে। প্রতিবারই বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সরে জমিনে দেখা গেছে, ঘটনাস্থলে বিদ্যুৎ সংযোগ না থাকায় দুর্বৃত্তরা সহজেই মসজিদের বিদ্যুতের তার কেটে আইপিএস ও ব্যাটারিসহ অন্যান্য সরঞ্জাম খুলে নিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, “মসজিদ আমাদের ধর্মীয় ও আবেগের স্থান। সেখানে বারবার চুরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”
এলাকাবাসী আরও বলেন, “একই স্থানে বারবার চুরির ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে।”
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন













