সৌদি আরব-এ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে দেশটিতে মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হচ্ছে। বুধবার হবে রোজার প্রথম দিন।
বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে Gulf News জানায়, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে নতুন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।
রমজান শুরুর ঘোষণার পর দেশজুড়ে মুসলমানেরা তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজা, ইবাদত ও আত্মশুদ্ধির মাসকে স্বাগত জানাবেন। মসজিদগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা সিয়াম সাধনার জন্য মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতিও সম্পন্ন করেছেন।
রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ভোগ-বিলাস থেকে বিরত থেকে রোজা পালন করা হয়। পাশাপাশি কোরআন তিলাওয়াত, দান-সদকা ও নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন মুসলমানরা।
সৌদি আরবে রমজান শুরুর ঘোষণার পর বিশ্বের বিভিন্ন দেশেও চাঁদ দেখার প্রস্তুতি জোরদার হয়েছে। মধ্যপ্রাচ্যের বহু দেশ সাধারণত সৌদি আরবের ঘোষণার পরদিন থেকেই রোজা শুরু করে। তবে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর রোজা শুরু হয়। সে হিসেবে দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হতে পারে।
রমজান মাস শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
সূত্র: Gulf News ও সৌদি চাঁদ দেখা কমিটি।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











