Home জাতীয়

ডোপ টেস্টে পজিটিভ হলে চাকরিতে অযোগ্য

4
0
ছবি সংগৃহীত

মাদকাসক্তি শনাক্তে ডোপ টেস্টে পজিটিভ হলে সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি, আধা-সরকারি, স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। আর কেউ কর্মরত অবস্থায় মাদকাসক্ত হিসেবে শনাক্ত হলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী তা ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে।

সম্প্রতি জারি হওয়া ‘জৈব নমুনায় মাদকদ্রব্য শনাক্তকরণ (ডোপ টেস্ট) বিধিমালা-২০২৬’-এ এসব বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ডোপ টেস্ট টেকনিক্যাল কমিটি গঠনের কথাও বলা হয়েছে।

কমিটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সভাপতি থাকবেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক অণুবিভাগের কর্মকর্তা, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের প্রতিনিধি, সিআইডির ডিআইজি (ফরেনসিক), ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল মেডিসিন সেন্টার এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকসহ মোট নয়জন বিশেষজ্ঞ সদস্য থাকবেন।

বিধিমালায় বলা হয়েছে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগ, যানবাহনের লাইসেন্স প্রদান ও নবায়ন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, বিদেশগমনেচ্ছু কর্মী এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রয়োজন হলে ডোপ টেস্ট প্রযোজ্য হবে।

 

পরীক্ষা নিয়ে সতর্কতা

ডোপ টেস্টের ক্ষেত্রে নমুনা প্রদানকারীকে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে এবং তার ছবি ও আঙুলের ছাপ ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে। নমুনা সংগ্রহ বা পরীক্ষার সময় কোনো পরিচয় প্রকাশ করা যাবে না। পরীক্ষার ফল কেবল অনুমোদিত কর্তৃপক্ষকেই জানানো যাবে।

ল্যাবরেটরিতে প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে এবং সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

ডেটাবেইজ সুরক্ষা

পরীক্ষার ফল আলাদা ডেটাবেইজে সংরক্ষণ করতে হবে এবং বিকল্প সংরক্ষণ ব্যবস্থা রাখতে হবে, যাতে যান্ত্রিক ত্রুটিতে তথ্য হারিয়ে না যায়। দায়িত্ব পালনে ব্যর্থতা ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে।

উল্লেখ্য, বিধিমালা কার্যকর হওয়ার আগেই কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছিল। নতুন বিধির ফলে এখন এটি আইনগতভাবে প্রাতিষ্ঠানিক রূপ পেল।

সূত্র:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
‘জৈব নমুনায় মাদকদ্রব্য শনাক্তকরণ (ডোপ টেস্ট) বিধিমালা-২০২৬’

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here