Home জাতীয়

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত কোস্টগার্ড

6
0
ছবি সংগৃহীত

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড-কে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বাহিনীটির দেশপ্রেম, পেশাদারিত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মো. জিয়াউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও কোস্টগার্ড মহাপরিচালক পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সরকারপ্রধান বলেন, সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং দুর্যোগ মোকাবিলায় কোস্টগার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, জনগণের জানমাল রক্ষা এবং জাতীয় সম্পদের সুরক্ষায় বাহিনীটিকে আধুনিক ও দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। উপকূলীয় অঞ্চলে উদ্ধার তৎপরতা, মানবিক সহায়তা এবং আইন প্রয়োগে কোস্টগার্ডের সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এসময় কোস্টগার্ডের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মহাপরিচালক। জবাবে প্রধানমন্ত্রী উন্নয়নের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

সরকারপ্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সূত্র: বাসস

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here