মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। তিনি বলেছেন, যুদ্ধের কারণে ওমানে আটকে পড়া বিদেশিদের নিরাপদে নিজ নিজ দেশে ফিরিয়ে দিতে তার দেশের সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বদর আল-বুসাইদি লিখেছেন, “চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি।” তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শান্তির আহ্বান হিসেবে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ওমান সরকার বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আটকে পড়া বিদেশি নাগরিকদের দেশে ফেরানোর জন্য ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের সব দেশের নাগরিকেরই নিরাপত্তা ও সুরক্ষার মানবিক অধিকার রয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে মানবিক সহায়তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে আকাশপথ ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটায় অনেক বিদেশি নাগরিক বিভিন্ন দেশে আটকে পড়েছেন। এ অবস্থায় তাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নিতে আঞ্চলিক দেশগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
সূত্র: আল জাজিরা।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











