ঢাকার আশুলিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তেলভর্তি একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত লুণ্ঠিত ট্রাক কিংবা তেল উদ্ধার করতে পারেনি পুলিশ।
ঘটনাটি ঘটে গত ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মধ্যরাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডেন্ডাবর ডিওএইচএস এলাকার ১ নম্বর গেইট সংলগ্ন ইউটার্নে। ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কামাল সুপার অয়েল লিমিটেড কারখানা থেকে ৭৫ ড্রাম সুপার অয়েল বোঝাই একটি ট্রাক নাটোরের বনপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিটি ড্রামে ছিল ১৮৬ কেজি তেল।
ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে টারপেট লাইট মেরে গতি কমাতে বাধ্য করা হয়। চালক আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি মনে করে গতি কমালে একটি সাদা নোহা গাড়ি সামনে এসে পথরোধ করে। পরে পুলিশ পরিচয়ে কাগজপত্র দেখতে চেয়ে চালক মো. নাজিম উদ্দিন ও হেলপার জিহাদ হোসেনকে গাড়ি থেকে নামানো হয়।
তারা নিচে নামার সঙ্গে সঙ্গেই ডাকাতরা তেলের ড্রাম ভর্তি ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরে চালক ও সহকারীকে নোহা গাড়িতে তুলে মাওয়া রোডের নির্জন স্থানে ফেলে রেখে যায়।
পরদিন ভুক্তভোগীরা আশুলিয়া থানায় এসে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ট্রাক ও তেল উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, “ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। লুণ্ঠিত ট্রাক ও তেল উদ্ধারে অভিযান চলছে। খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
ঘটনার পর মহাসড়কে পরিবহন চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সূত্র: ভুক্তভোগী চালক ও আশুলিয়া থানা পুলিশ।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











