ময়মনসিংহ-১০ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মোর্শেদ আলমের নির্বাচনী প্রচারণা চলাকালে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুরের চেষ্টা করা হয় বলে জানা গেছে।
ঘটনার পরপরই উপজেলা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করার দায়ে মেহেরাবাড়ী লাভেলো আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় দুইজনের কাছ থেকে মুচলেকা দাখিল করানো হয়েছে। একইসঙ্গে হবিরবাড়ী এলাকায় আরও একজনের কাছ থেকেও মুচলেকা গ্রহণ করা হয়েছে।
প্রশাসনের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে কারাদণ্ড প্রদান করা হবে।
উল্লেখ্য, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সার্বিকভাবে তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।
রিপোর্টঃ মোঃ আসাদুজ্জামান হৃদয়
উপজেলা প্রতিনিধি গফরগাঁও
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











