
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ৫৪ বছরে দেশের টাকা লুটপাট হয়েছে। কেউ ফেরেশতা ছিলেন না। কেউ বেশি করেছে, কেউ কম। বিশেষ করে গত ১৭ বছরে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “আমি সিলেটের সন্তান। এখানেই আমার বেড়ে ওঠা, পড়াশোনা ও রাজনীতি। আজ আমি শুধু জামায়াতের আমির নই, আপনাদের সন্তান হয়ে দাঁড়িয়েছি। আমাকে একবার সুযোগ দিন। আমরা মালিক নয়, জনগণের পাহারাদার হয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ব।”
তিনি আরও বলেন, “আল্লাহ আমাদের দায়িত্ব দিলে যারা জনগণের সম্পদ চুরি করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সব টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। তখন ঘুষ খাওয়ার সাহসও কেউ পাবে না।”
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জামায়াতের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১২ তারিখ নতুন ইতিহাস হবে, ১৩ তারিখ নতুন সূর্য উঠবে ইনশাআল্লাহ।”
তিনি সুনামগঞ্জের বাঁধ কাটা, জলাশয় দখল, চা শ্রমিকদের অধিকার এবং বংশানুক্রমিক ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
বক্তব্য শেষে তিনি সিলেট জেলার ৬টি এবং সুনামগঞ্জ জেলার ৩টি আসনের জামায়াত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সমাবেশে দাঁড়িপাল্লা, দেওয়াল ঘড়ি ও রিকশা প্রতীক নিয়ে স্লোগান দেওয়া হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারি শাহজাহান আলী, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
সূত্র
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন










