পবিত্র রমযান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন অফিস সময়সূচি কার্যকর হচ্ছে।
সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের রমযান মাসজুড়ে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ও অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় পৃথক সময়সূচি নির্ধারণ করতে পারবে।
এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমযানে রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম চালু রাখা যাবে।
আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই সময়সূচি প্রযোজ্য হবে—সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।
অন্যদিকে রমযান মাসে আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আদালতের অফিস সময় থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রেই দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও সেবার ধারাবাহিকতা বজায় রেখে রমযান মাসে কার্যক্রম পরিচালনা করা হবে।
সূত্র:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











