Home আরও ভ্রমণ

১৮৪ দেশ ভ্রমণ: ইতিহাস গড়লেন নাজমুন নাহার

9
0

প্রথম বাংলাদেশি ও মুসলিম নারী হিসেবে বিশ্বের ১৮৪টি দেশ ভ্রমণ করে অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন পরিব্রাজক নাজমুন নাহার। সর্বশেষ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামা সফরের মাধ্যমে তিনি এই বিরল মাইলফলক স্পর্শ করেন। এ কৃতিত্বের জন্য বাহামার ফার্স্ট লেডি প্যাট্রিসিয়া মিনিস তাকে অভিনন্দন জানান।

সাম্প্রতিক সময়ে গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত একটানা ভ্রমণে ছিলেন নাজমুন নাহার। এ সময় তিনি ওশেনিয়া অঞ্চলের সামোয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার তিমুর-লেস্তে, ক্যারিবীয় অঞ্চলের অ্যান্টিগুয়া ও বারবুডা, সেন্ট কিটস ও নেভিস, দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলা এবং সর্বশেষ বাহামা ভ্রমণ করেন।

২০০০ সালে ভারতের একটি আন্তর্জাতিক অভিযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তার বিশ্বভ্রমণ শুরু হয়। একক ভ্রমণকারী হিসেবে প্রধানত সড়কপথে বিশ্ব ভ্রমণ করেন তিনি। এই দীর্ঘ যাত্রাপথে তাকে বহু ঝুঁকি ও প্রাণঘাতী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবুও এখনও যেসব দেশ ভ্রমণ বাকি রয়েছে, সেগুলো ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তার।

নাজমুন নাহারের এই অসাধারণ অর্জন আন্তর্জাতিক গণমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণ করেছে। ভেনিজুয়েলার লা নাসিওন, ক্যারিবীয় ডব্লিউআইসি নিউজ, তিমুর-লেস্তের সুয়ারা তিমুর লোরোসা’য়ে এবং পর্তুগালের লুসাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার কৃতিত্ব গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে। একাধিক আন্তর্জাতিক ম্যাগাজিনেও তাকে নিয়ে ফিচার প্রকাশিত হয়েছে।

ভ্রমণের মাধ্যমে তিনি শুধু বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরছেন না, বরং শান্তি প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ ও বাল্যবিবাহ বন্ধের মতো সামাজিক বার্তাও ছড়িয়ে দিচ্ছেন। ভেনিজুয়েলা সফর প্রসঙ্গে নাজমুন নাহার বলেন, এটি ছিল তার জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও রোমাঞ্চকর ভ্রমণ। তিনি সাইমন বলিভার আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে ১৭টি শহর পরিদর্শন করেন।

এর আগে ২০১৮ সালের জুনে জাম্বিয়া ও জিম্বাবুয়ে ভ্রমণের মাধ্যমে তিনি শততম দেশ, ২০২১ সালের অক্টোবরে সাওটোমে ১৫০তম দেশ এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রিন্সিপে ভ্রমণের মাধ্যমে ১৭৫তম দেশ পূর্ণ করেন। ২০২৫ সালের ডিসেম্বরে বাহামা ভ্রমণের মধ্য দিয়ে তিনি ১৮৪তম দেশ স্পর্শ করেন।

নাজমুন নাহার যুক্তরাষ্ট্রের পিস টর্চ বেয়ারার অ্যাওয়ার্ড, যুক্তরাজ্যের ওমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডসহ ৫০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। লক্ষ্মীপুর জেলায় জন্ম নেওয়া নাজমুন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি থেকে এশিয়ান স্টাডিজ এবং দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রাইটস অ্যান্ড এশিয়া বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

বর্তমানে তিনি গবেষক, মোটিভেশনাল বক্তা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে বিশ্ব ভ্রমণের মাধ্যমে তিনি আগামী প্রজন্মের জন্য সাহস, অধ্যবসায় ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here