নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর স্বাক্ষরে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করে নতুন সরকার গঠনের প্রস্তুতির মধ্যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়াকে নিয়োগ দেওয়া হয়েছিল। আজ আবার সেই প্রজ্ঞাপন বাতিল করে নাসিমুল গনিকে নতুন সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নাসিমুল গনি ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এই ব্যাচের ১৪২ জনের মেধা তালিকায় তার অবস্থান ষষ্ঠ।
শিক্ষাজীবনে নাসিমুল গনি ছিলেন মির্জাপুর ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ১৯৭৩ সালে এসএসসি এবং ১৯৭৫ সালে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮০ সালে অনার্স এবং ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
সূত্র:
জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











