
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের কাছে এক আবেগঘন আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনকেই নিজের ‘শেষ নির্বাচন’ হিসেবে ঘোষণা করেছেন এই প্রবীণ রাজনীতিবিদ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি ভোটারদের উদ্দেশে এই আকুতি জানান। মুহূর্তেই তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন,
“জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এটাই আমার শেষ নির্বাচন। একজন চেনা লোক হিসেবে, আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন, যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো আমি সত্যি করে যেতে পারি।”
তার এমন ‘বিদায়ী বার্তা’ ঠাকুরগাঁওসহ সারাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও সমর্থকরা একে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের জীবনের শেষ ইচ্ছা হিসেবে দেখছেন।
বার্তায় নিজেকে ‘আপনাদের সেবক’ হিসেবে উপস্থাপন করে তিনি ভোটারদের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেন। ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর আবেগঘন আহ্বান নির্বাচনি লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ঠাকুরগাঁও অঞ্চলের রাজনীতিতে একজন প্রভাবশালী ও পরিচিত মুখ। তার এই ঘোষণার পর নির্বাচনি মাঠের সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা জানতে এখন অপেক্ষা ভোটের দিনের।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন










