Home অর্থনীতি

নির্বাচনে এমএফএস লেনদেনে কড়াকড়ি, সীমা কমছে

3
0

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবস্থায় লেনদেনে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিকাশ, রকেট, নগদসহ সব এমএফএস প্ল্যাটফর্মে এক লেনদেনে সর্বোচ্চ এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না। পাশাপাশি একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

এছাড়া নির্বাচনি সময়ে ব্যাংকিং চ্যানেলে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনাও করা হয়েছে। আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সীমাবদ্ধতা কার্যকর থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র।

নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অর্থের অপব্যবহার রোধের লক্ষ্যে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে নগদ অর্থ উত্তোলন ও জমার ওপর নজরদারি জোরদার করা হয়েছে। তবে প্রার্থীদের ঘোষিত নির্বাচনি ব্যয়ের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে আর্থিক লেনদেন সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে।”

বর্তমানে এমএফএস গ্রাহকরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। নতুন প্রস্তাব অনুযায়ী নির্বাচনি সময়ে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং ১০টি লেনদেনের সীমা কার্যকর করা হতে পারে।

নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে অর্থ পাচার প্রতিরোধ আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র

বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here