হরিয়ানার কর্ণালে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে চরম হেনস্থার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন তিনি।
মৌনী রায় জানান, অনুষ্ঠান শুরুর আগে মঞ্চের দিকে যাওয়ার সময় দর্শকদের মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি ছবি তোলার অজুহাতে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। অভিনেত্রীর অভিযোগ, ওই সময় কিছু বয়স্ক পুরুষ তাঁর কোমর স্পর্শ করেন, যা তাঁকে চরমভাবে অস্বস্তিতে ফেলে।
ইনস্টাগ্রাম স্টোরিতে মৌনী লেখেন,
“গতকাল কর্ণালে আমার একটি অনুষ্ঠান ছিল। অতিথিদের আচরণে আমি অত্যন্ত হতাশ। বিশেষ করে দু’জন ব্যক্তি, যাঁদের বয়স আমার দাদুর সমান, তাঁরা আমার সঙ্গে এই আচরণ করেন। একজন ছবি তোলার নাম করে আমার কোমরে হাত রাখেন।”
তিনি আরও জানান, ওই আচরণের প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।
“আমি যখন বললাম, ‘স্যার, দয়া করে আপনার হাত সরিয়ে নিন’, তখন আমার কথায় তাঁরা বিরক্ত হন,”—লিখেছেন অভিনেত্রী।
মৌনির দাবি, মঞ্চে পৌঁছানোর পরও হেনস্থা থামেনি। তাঁর সামনে দাঁড়িয়ে থাকা দু’জন ব্যক্তি অশ্লীল মন্তব্য, অশালীন অঙ্গভঙ্গি ও গালিগালাজ করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে প্রথমে তিনি ভদ্রভাবে অনুরোধ করলেও পরে দর্শকদের ওই অংশ থেকে তাঁর দিকে গোলাপ ছুঁড়ে মারা হয়।
এমন পরিস্থিতিতে কিছু সময়ের জন্য মঞ্চ ছেড়ে গেলেও পেশাদারিত্ব বজায় রেখে ফের ফিরে এসে অনুষ্ঠান শেষ করেন মৌনী। পরে আয়োজকদের হস্তক্ষেপে অভিযুক্তদের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়।
ঘটনার নিন্দা জানিয়ে অভিনেত্রী লেখেন,
“আমরা শিল্পী, নিজেদের শিল্পের মাধ্যমে সৎভাবে জীবিকা নির্বাহ করি। ভাবুন তো, কেউ যদি তাঁদের পরিবারের নারী সদস্যদের সঙ্গে এমন আচরণ করত, তাহলে কী হতো! লজ্জা হওয়া উচিত।”
মৌনী রায়ের এই অভিযোগ নতুন করে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে প্রশ্ন তুলেছে।
Hindustan Times











