Home সারাদেশ

রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ঘর ভস্মীভূত

13
0

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ১২টি ঘরসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন হানিফ আলী ও তার তিন পুত্রসহ মোট পাঁচটি পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। গ্রামটি চরাঞ্চলে হওয়ায় ঘরগুলো অধিকাংশই টিন ও কাঠের তৈরি ছিল, ফলে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়।

চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা প্রথমে নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে রাজারহাট ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরগুলোর ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চাল, রান্নার সামগ্রী ও নগদ অর্থসহ প্রায় সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ঘটনার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রোববার ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হবে এবং সরকারিভাবে আরও সহায়তার ব্যবস্থা করা হবে।

অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পাশাপাশি মানবিক সহায়তা নিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

কুড়িগ্রাম সংবাদ | অগ্নিকাণ্ড | দুর্যোগ পরিস্থিতি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here