গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা (৪৫)কে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে।
আটক বিল্লাল হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোল্লাবাড়ির মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন মোল্লা গোপনে দেশত্যাগের চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন পুলিশ তাকে শনাক্ত করে আটক করে এবং বিষয়টি জিএমপিকে অবহিত করে। পরে জিএমপি পুলিশ বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেব আলী পাঠান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিল্লাল হোসেন মোল্লা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সংশ্লিষ্ট থানাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সূত্র: জিএমপি পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











