জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, কাঙ্ক্ষিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে অযথা বিলম্ব করা হচ্ছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সংঘটিত হয়েছিল। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
আখতার হোসেন আরও বলেন, দেশের মানুষ বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং ২০২৪ সালেও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তিনি দাবি করেন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় অনুষ্ঠিত গণভোটে জনগণ সংস্কারের পক্ষে মত দিলেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে।
তিনি বলেন, এটি শুধু জনগণের সঙ্গে প্রতারণাই নয়, বরং জুলাই আন্দোলনের চেতনার বিরুদ্ধেও যায়। দেশের মানুষ এই পরিস্থিতি মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আখতার হোসেন একটি নতুন সংবিধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে বলেন, বিদ্যমান কাঠামোর মধ্যে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
তিনি আরও বলেন, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ জাতীয় দিবসগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে, বীর শহীদরা একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সূত্র: গণমাধ্যম প্রতিবেদন
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন













