Home জাতীয়

১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে: হাসনাত

9
0
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জাতীয় পার্টি রাজনৈতিকভাবে মৃত। আগামী ১২ তারিখের ভোটের মাধ্যমেই তাদের দাফন সম্পন্ন হবে এবং সেদিন কেবল আনুষ্ঠানিক জানাজা অনুষ্ঠিত হবে।

রোববার রংপুরের কাউনিয়া উপজেলার রংপুর-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের ক্ষমতার কাঠামোয় আমূল পরিবর্তনের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বললেও গোপনে ‘না’ ভোটের পক্ষে কাজ করছে।

তিনি বলেন, এই দ্বিমুখী রাজনীতি জনগণের সঙ্গে প্রতারণার শামিল এবং তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। বিএনপির প্রতি আমাদের স্পষ্ট বার্তা—গণভোট নিয়ে মুখে যা বলছেন, তা মাঠের রাজনীতিতে প্রমাণ করুন। দ্বৈত ভূমিকা রেখে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সংসদের ক্ষমতার কাঠামো পরিবর্তন করা হবে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে।

জাতীয় পার্টিকে কটাক্ষ করে তিনি বলেন, আমরা যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি, তখন ভারতের দোসর জাতীয় পার্টি প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।

এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের প্রশংসা করে হাসনাত আবদুল্লাহ বলেন, আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ। দেশের যেকোনো প্রান্ত থেকে নির্বাচনে জয়ী হওয়ার মতো জনপ্রিয়তা ও নেতৃত্বগুণ তার রয়েছে।

তিনি বলেন, কাউনিয়া ও পীরগাছার মানুষ যদি দায়িত্ব নেয়, তবে তাকে বিজয়ী করা কেউ ঠেকাতে পারবে না।

অর্থ ও উন্নয়ন প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, আমাদের কাছে অবৈধ টাকা নেই। আমরা চাঁদাবাজি বা জুলুম করে অর্থ সংগ্রহ করিনি। তবে আমাদের আছে সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনা, স্বচ্ছতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। এই শক্তিতেই আমরা এগিয়ে যেতে চাই।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here