Home আন্তর্জাতিক

হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে দাবি আইআরজিসির

6
0
ছবি সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথ হরমুজ প্রণালী এখন তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’—এমন দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (৩ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি–তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদে এ ঘোষণা দেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে এই জলপথ দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রণালীটি সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌ-সামরিক নিয়ন্ত্রণে।

এ ঘোষণা এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে এসকর্ট প্রদান করা হবে।

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাসবাহী জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। ফলে প্রণালী বন্ধ বা নিয়ন্ত্রণ নিয়ে হুমকি বিশ্ববাজারে জ্বালানি দামের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।

এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র তাদের অ-জরুরি কূটনৈতিক কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সৌদি আরব, ওমান এবং সাইপ্রাস থেকে দূতাবাসের অ-জরুরি কর্মকর্তা ও তাদের পরিবারকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে ওয়াশিংটন।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে এই নতুন উত্তেজনা আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা পাল্টা প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: টাইমস অব ইসরাইল।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here