ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসন নিয়ে বিএনপির সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা থাকলেও সবার দৃষ্টি এখন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দার দিকে।
বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় রয়েছে। ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক কুমিল্লা-১ আসন থেকে এবারও নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. মোশাররফ এর আগে জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে জনমত গঠনে তার ভূমিকার কথাও দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে। অতীতে দলীয় সমাবেশে তাকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবেও আখ্যা দেওয়া হয়েছিল।
রাষ্ট্রপতি পদের আলোচনায় রয়েছেন বিএনপির আরেক প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সদ্য সমাপ্ত নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তবে দলীয় ভেতরে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রাখার পরামর্শও রয়েছে বলে জানা গেছে।
এদিকে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। গত ডিসেম্বরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। যদিও তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রিসভার শপথের পর কয়েক দিনের মধ্যেই রাষ্ট্রপতি পদে চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র:
দলীয় সূত্র; রাজনৈতিক সংশ্লিষ্ট সূত্র।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











