ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নতুন করে বিশ্ব ক্রিকেটে বিতর্ক তৈরি করেছে। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড।
এই সিদ্ধান্তের পর পরিস্থিতি নতুন মোড় নেয়। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দেয়, তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। বিষয়টি নিয়ে আইসিসি ও পিসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে।
এরই ধারাবাহিকতায় আজ রোববার আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল রাত ১টায় ঢাকা থেকে লাহোরের উদ্দেশে রওনা হন। বৈঠকে অংশ নিতেই তার এই সফর। বৈঠক শেষে আজ বিকেলের মধ্যেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।
শুরু থেকেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অন্যায্য বলে দাবি করে আসছে পিসিবি। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রথমে পুরো বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পরে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে থাকার প্রতীকী সিদ্ধান্ত হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।
বিশেষজ্ঞদের মতে, ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে আইসিসি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আর্থিক স্বার্থ অত্যন্ত বড়। ধারণা করা হচ্ছে, এই ম্যাচ না হলে আইসিসির ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে অন্তত ৬ হাজার কোটি রুপি। সে কারণেই যে কোনো মূল্যে ম্যাচটি আয়োজন করতে মরিয়া আইসিসি—এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
সূত্র
আইসিসি ও বিসিবি সংশ্লিষ্ট সূত্র
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











